গানগুলি মোর আহত পাখির সম
লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম।।
বাণ–বেঁধা মোর গানের পাখিরে
তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,
লভিবে মরণ চরণে তোমার সুন্দর অনুপম।।
তারা সুখের পাখায় উড়িতেছিল গো নভে –
তব নয়ন–শায়কে বিঁধিলে তাহাদের কবে।
মৃত্যু আহত কন্ঠে তাহার
একি এ গানের জাগিল জোয়ার –
মরণ বিষাদে অমৃতের স্বাদ আনিলে নিষাদ মম।।
kazinazrulislam
গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে
গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে
ফুল-হার পরায়ে গলে দিলে জল নয়ন-পাতে।।
যে জ্বালা পেনু জীবনে
ভুলেছি রাতে স্বপনে
কে তুমি এসে গোপনে ছুঁইলে সে বেদনাতে।।
যবে কেঁদেছি একাকী
কেন মুছালে না আঁখি
নিশি আর নাহি বাকি, বাসি ফুল ঝরিবে প্রাতে।।
গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়
গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়।
ভুবন ভরি’ সেই সুরেরি সুরধুনি বয়ে যায়।।
সেই নামেরি বাঁশির সুরে, বনে পূজার কুসুম ঝুরে
সেই নামেরি নামাবলি, গ্রহ তারা আকাশ জুড়ে
অন্ত বিহীন সেই নামেরি সুর-স্রোতে কে ভাসবি আয়।।
চলচ্চিত্রঃ ধ্রুব (কাহিনীকার: গিরিশ ঘোষ)
গলে টগর মালা কাদের ডাগর মেয়ে
গলে টগর মালা কাদের ডাগর মেয়ে
যেন রূপের সাগর চলে উজান বেয়ে॥
তার সুডোল তনু নিটোল বাহুর পরে
চাঁদের আলো যেন পিছ্লে পড়ে
ও কি বিজলি পরী এলো মেঘ পাসরি’
চাঁদ ভুলে যায় লোকে তার নয়নে চেয়ে॥
যেন রূপকথার দেশের সে রাজকুমারী
রামধনুর রঙ ঝরে অঙ্গে তারি
মদন রতি করে তার আরতি
তার রূপের মায়া দুলে ভুবন ছেয়ে॥
গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে
গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে।
দূর গগনে প্রিয় তিমির–‘পারে।।
জেগে যবে দেখি বঁধু তুমি নাই কাছে
আঙিনায় ফুটে’ ফুল ঝ’রে পড়ে আছে,
বাণ–বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম –
লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে।।
মৌনা নিঝুম ধরা, ঘুমায়েছে সবে,
এসো প্রিয়, এই বেলা বক্ষে নীরবে।
কত কথা কাঁটা হ’য়ে বুকে আছে বিঁধে
কত আভিমান কত জ্বালা এই হৃদে,
দেখে যাও এসো প্রিয়১ কত সাধ ঝ’রে গেল –
কত আশা ম’রে গেল হাহাকারে।।
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়, কে যেন আমারে ডাকে –
সে কি তুমি, সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে –
সে কি তুমি, সে কি তুমি?
কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়, ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়;
কার সকরুণ আঁখি দু’টি যেন রাতের তারার মত
মুখপানে চেয়ে থাকে – সে কি তুমি, সে কি তুমি?
নিশির বাতাস কাহার হুতাশ দীরঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম।
সে কি তুমি, সে কি তুমি?
মহাসাগরের ঢেউ–এর মতন, বুকে এসে বাজে কাহার রোদন,
‘পিয়া পিয়া’ নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখি
আমার চম্পা শাখে – সে কি তুমি, সে কি তুমি?
গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ
গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ
বহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই।।
মৌনী স্তব্ধ সে হিমালয়
তেমনই অটল মহিমাময়
নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি, আমরাও আর সে জাতি নই।।
আছে আকাশ সে ইন্দ্র নাই
কৈলাসে সে যোগীন্দ্র নাই
অন্নদা–সুত ভিক্ষা চাই কি কহিব এরে কপাল বৈ।।
সেই আগ্রা সে দিল্লী ভাই
আছে প’ড়ে সেই বাদশা নাই
নাই কোহিনূর ময়ূর–তখত নাই সে বাহিনী বিশ্বজয়ী।
আমারা জানি না, জানে না কেউ
কুলে ব’সে কত গণিব ঢেউ
দেখিয়াছি কত দেখিব এও নিঠুর বিধির লীলা কতই।।
গগনে সঘন চমকিছে দামিনী
গগনে সঘন চমকিছে দামিনী
মেঘ-ঘন-রস রিমঝিম বরষে।
একেলা ভবনে বসি’ বাতায়নে
পথ চাহে বিরহিণী কামিনী।।
পূবালি পবন বহে দাদুরি ডাকে,
অভিসারে চলে খুঁজে’ কাহাকে।
বৈরাগিনী সাজে উন্মনা যামিনী।।
গগনে প্রলয় মেঘের মেলা জীবন-ভেলা দোলে টলমল
গগনে প্রলয় মেঘের মেলা জীবন-ভেলা দোলে টলমল
নীর অপার ভব পারাবার তীর না হেরে পরান বিকল
তীর না হেরে নয়নে পরান বিকল।।
দীন দয়াল ভীত দীন জনে
মাগে শরণ তব অভয় চরণে
দুস্তর দুর্গম দুঃখ জলধি তরিতে চরণ-তরী ভরসা কেবল।।
গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ
গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ
নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ॥
চিত্তে কে নৃত্যে মাতে দোল লাগানো ছন্দে,
মদির রঙের নেশায় অধীর আনন্দে,
নাচিছে সমীরে পুষ্প, পাগল বসন্ত, বাজে মেঘ মৃদঙ।।
প্রাণের তটে কামোদ নটে সুর বাজিছে সুমধুর –
দুলে অলকানন্দ রাঙা তরঙ্গে
শিখী কুরঙ্গ নাচে রঙিলা ভ্রুভঙ্গে,
বাজিছে বুকে সুর-সারং কাফির সঙ্গ্